মাঘের শীতে নাদিয়ার বৃষ্টির গল্প!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭ এএম

মাঘের শীতে বৃষ্টির গল্প এমন একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। যিনি এর আগেও বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে কুড়িয়েছেন প্রশংসা। ধারণা করা হচ্ছে, এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ পঞ্চমবারের মতো ভিকির চলচ্চিত্রে অভিনয় করলেন এ প্রজন্মের জনপ্রিয় তারকা নাদিয়া খানম। তার বিপরীতে নায়ক হিসেবে হাজির হচ্ছেন একেবারেই নতুন মুখ সাজিব জামান।

এবারের কাজটি প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘ভিকি ভাইয়ার সঙ্গে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য! সংখ্যায় কিন্তু কম নয়। কারণ, এমন কাজ এখানে খুব কমই হয়। এর মধ্যে আমাদের ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ স্বল্পদৈর্ঘ্যগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটিও অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে।’

নির্মাতা ভিকি বলেন, ‘চেনা নায়িকা নাদিয়ার সঙ্গে এবার নতুন নায়ক উপহার দিচ্ছি। গল্পের প্রয়োজনেই নতুন মুখ খুঁজছিলাম। সাজিবকে প্রথম দেখি একটি বিলবোর্ডে। দেখে মনে হলো, এ হতে পারে আমার চলচ্চিত্রের নায়ক। এরপর অডিশন নেওয়া হলো এবং সিলেক্ট হলো। আমার বিশ্বাস ওর অভিনয় সবার ভালো লাগবে।’

ছবির গল্প প্রসঙ্গে নির্মাতা আরও জানান, ‘রেইন লাভ’ হচ্ছে মাঘের শীতে বৃষ্টির গল্প। আর এই অদ্ভুত-অসময়ে ঝরেপড়া বৃষ্টি সাধারণ দুজন ছেলেমেয়ের জীবনে অসাধারণ কিছু মুহূর্ত সৃষ্টি করে। যে মুহূর্তগুলো ওদের জীবন পাল্টে দেয়। কীভাবে পাল্টে দেয়, সেটি স্পষ্ট হবে ছবিটি দেখলে। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে এটি। প্রতিষ্ঠানটি এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধানে কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করল। আজ বিকেলে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ ছাড়াও বেশ কটি ভিডিও শেয়ারিং সাইটে ‘রেইন লাভ’ মুক্তি পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত