ঘুষ-দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের মতো যারা দায়িত্ব পালনে অবহেলা করেন তারাও দুর্নীতিবাজ বলে উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘কিছু কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্ত সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারছেন না। এর দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে।’ গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে ভূমি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নিজে দুর্নীতিমুক্ত না থাকলে এবং চলন-বলন তথা আচরণের উৎকর্ষ না থাকলে কেউ শ্রদ্ধা করে না। এটাও সবাইকে মাথায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘দুদকের অনুসন্ধান ও তদন্ত হতে হবে প্রমাণনির্ভর। দুদক আইন অনুযায়ী অনুসন্ধান বা তদন্ত কাজে দুদকের বিশেষ ক্ষমতা আছে।’
পদোন্নতি সবাই চায় উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘সবাই পদোন্নতি পেতে চান, কিন্তু দায়িত্ব নিতে চান না।’
