গাজীপুরের শ্রীপুরে তাবলিগ জামাতের দিল্লির মাওলানা সা’দপন্থিদের মসজিদ থেকে বের করে দিয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীরা। গত শনিবার রাতে তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার তাদের মসজিদের পাশের বাড়ি থেকেও বের করে দেয় জুবায়েরপন্থিরা।
স্থানীয়রা জানায়, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে গত বৃহস্পতিবার শ্রীপুরে এসে শনিবার বিকেলে সাইটালিয়া পশ্চিমপাড়া কাছম আলী জামে মসজিদে অবস্থান নেন তাবলিগের মুসল্লিরা। তারা এলাকায় দাওয়াতের কাজে চিল্লায় আসেন। কাছম আলী জামে মসজিদে সা’দপন্থিদের একটি জামাত এসেছে এমন সংবাদ পেয়ে স্থানীয় জুবায়েরপন্থিরা মসজিদে এসে তাদের বাধা দেয় এবং বের করে দেয়। পরে মসজিদের পাশে আবুল কালামের বাড়ির আঙিনায় তাঁবু টানিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সা’দপন্থিরা। রবিবার সকালে জুবায়েরপন্থিরা সেখান থেকেও তাদের বের করে দেয়।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি গোলাম রসুল টিটু বলেন, ‘বর্তমানে বিষয়টি আমার এখতিয়ারের বাইরে। এ ব্যাপারে মসজিদের ক্যাশিয়ার নাসির উদ্দিন, মসজিদের ইমাম আল আমিন, তাইজ উদ্দিন ও হাফিজসহ মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবে।’
সা’দপন্থিদের মসজিদ থেকে বের করে দেওয়ার বিষয়টি স্বীকার করে স্থানীয় তাবলিগের মুরব্বি নাসির উদ্দিন বলেন, ‘যতই ঝামেলা হোক, কোনো অবস্থাতেই সা’দপন্থিদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। তাদের বিনীতভাবে অনুরোধ করা হয়েছে মসজিদ ছেড়ে দিয়ে অন্য কোথাও অবস্থান নিতে। পরে তারা অন্য মসজিদে চলে গেছেন।’
সা’দপন্থিদের ওই জামাতের আমির রবিউল ইসলাম বলেন, ‘আমরা আল্লাহর রাস্তায় মেহনত করতে এসেছি। অথচ আমাদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। রাতে আমরা মসজিদের বাইরে তাঁবু টানিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করি। সেখান থেকেও আমাদের চলে আসতে বাধ্য করে তারা। এ নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আজ আমরা সবাই রোজা রেখেছি।’
এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের এসআই আব্দুল মালেক বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই আমরা। কিন্তু সেখানে গিয়ে তাবলিগ জামাতের সদস্যদের মসজিদ থেকে বের করে দেওয়া এবং মসজিদে প্রবেশে বাধা প্রদানকারী কাউকে পাওয়া যায়নি।
