সন্ধ্যায় তুলে নেওয়ার পর রাতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ এএম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তোফাজ্জল হোসেন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে উপজেলার তাওশারা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, এদিন সন্ধ্যায় তোফাজ্জলকে সাদা পোশাকধারী কয়েকজন স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

র‌্যাবের দাবি, নিহত তোফাজ্জল হোসেন জেলার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চোরাচালানি, ছিনতাইসহ অন্তত ১৩টি মামলা রয়েছে।

তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর-সরকারপাড়া গ্রামের মৃত ওয়াদুদ সরকারের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, রোববার রাত ২টার দিকে ক্ষেতলালের তাওশারা গ্রামে মাদক বেচাকেনা চলছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল দল। সেখানে তারা ৪-৫ জন মাদক ব্যবসায়ীকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে আটকের জন্য অগ্রসর হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে প্রায় ৫ মিনিট গোলাগুলি শেষে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে। তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হন। তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে নিহতের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, রোববার সন্ধ্যা ৭টার পর তোফাজ্জল বটতলী বাজারে ওষুধ কিনতে গেলে সাদা পোশাকের কয়েকজন লোক তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় থানা ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর অফিসগুলোতে খোঁজাখুঁজি করলেও তাকে গ্রেপ্তার করেছে এমন তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, সোমবার সকালে আমাকে হাসপাতালে যাওয়ার জন্য খবর দেয়। আমি গিয়ে তাকে মৃত অবস্থায় দেখি। আমার ধারণা আমার স্বামী বন্দু যুদ্ধে নিহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত