কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে পেট্রল বোমা হামলায় বাসের ৮ যাত্রী পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী তারিখ ৩১ মার্চ ধার্য করা হয়েছে।
আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি খালেদার জিয়ার জামিন না মঞ্জুর করে সোমবার চার্জ গঠনের দিন ধার্য করেছিল আদালত।
কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন।
