এলো হুয়াওয়ের ফোল্ডিং ফাইভ-জি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭ পিএম

এবার নতুন ফাইভ-জি স্মার্টফোনের মোড়ক উন্মোচন করল চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। স্পেনের বার্সালোনায় চলা ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে (ডব্লিউএমসি) অংশ নেওয়া হুয়াওয়ের নতুন স্মার্টফোনটি শুধু ফাইভ-জি নেটওয়ার্ক সক্ষমই নয়, এটি একটি ভাঁজফোনও। একই সঙ্গে ভাঁজ এবং ফাইভ-জি সুবিধাসম্পন্ন স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ২ হাজার ৬০০ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। নতুন এই স্মার্টফোনের নামকরণ করা হয়েছে ‘ম্যাট এক্স’।

আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে স্মার্টফোনের আন্তর্জাতিক বাজারে এখন দুই নম্বর অবস্থানে আছে হুয়াওয়ে। এই তালিকার এক নম্বরে আছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং। ফাইভ-জি সক্ষম স্মার্টফোন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরিতে হুয়াওয়ে এখন সবার ওপরে অবস্থান করছে। যদিও যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের জন্যই মূলত হুয়াওয়েকে এই তালিকায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ হুয়াওয়ের কোনো যন্ত্রপাতি ফাইভ-জি নেটওয়ার্কে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে তারা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কয়েকটি দেশের অসহযোগিতা সত্ত্বেও নতুন ফোনে চমক দিয়েছে হুয়াওয়ে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের আরও বেশি ইন্টারনেট স্পিড ও নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ হুয়াওয়ে। হুয়াওয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং কয়েকদিন আগেই ভাঁজফোনের ঘোষণা দিয়েছে। স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমিও নতুন ফাইভ-জি নেটওয়ার্ক সক্ষম ফোনের ঘোষণা দিয়েছে। হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড ইয়ু বলেন, নতুন ফোনটি শুধু আজকের দিনের ফাইভ-জি’র জন্য নয়, এটি ভবিষ্যৎ ফাইভ-জি’র জন্যও। এই ফোনেই পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন ফাইভ-জি নেটওয়ার্ক। ‘ম্যাট এক্স’-এর ভাঁজ খোলার পর ফোনটিতে আছে একটি আট ইঞ্চির ট্যাবলেট স্ক্রিন এবং এটি ভাঁজ করার পর থাকবে একটি ৬ দশমিক ৬ ইঞ্চির একটি কমন স্ক্রিন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছেÑ স্যামসাংয়ের ভাঁজফোনটির স্ক্রিনের চেয়ে হুয়াওয়ের স্ক্রিনটি আকারে তুলনামূলক বড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত