ক্লাস ক্যাপ্টেন হতে না পেরে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্লাস ক্যাপ্টেন হতে না পেরে পঞ্চম শ্রেণীর ছাত্রী মুমতিয়া ফারিয়া প্রমি (১১) আত্মহত্যা করেছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে বাদাঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

প্রমি উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে গ্রামের মোশাহিদ শাহের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন নির্বাচন ছিল। এ নির্বাচনে প্রমি প্রার্থী ছিল।

সোমবার বিকেলে ঘোষিত নির্বাচনের ফলাফলে প্রমি হেরে যায়। পরে রাত সাড়ে ৭টার দিকে ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

বাদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেওয়া দুঃখজনক।”

প্রমির চাচা সাজ্জাদ হোসেন শাহ বলেন, বিকেলে বিদ্যালয় থেকে ফিরে ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে প্রমি। এসময় ঘরে কেউ ছিল না। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দেখেন ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে সে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর জানান, এরকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু ছাত্রীর লাশ ময়নাতদন্ত না করার জন্য রাতে তার পরিবার জেলা প্রশাসক বরবার আবেদন করেন। পরে জেলা প্রশাসকের অনুমিত নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত