বরিশালের ৯ উপজেলায় আ. লীগের মনোনয়ন জমা, নেই বিএনপি-বাম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩১ পিএম

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা।

কোন কোন উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। তবে উপজেলা নির্বাচনে প্রার্থী নেই বিএনপিসহ ঐক্যফ্রন্ট কিংবা বাম দলগুলোর।

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দলীয় নেতা কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা।

দুপুর ১টার পর বরিশাল সিটি মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদায়ী চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী  মাহবুবুর রহমান মধু এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম।

এর আগে ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসাইন।

এ সময় নিজেকে বিদ্রোহী নয়, আওয়ামী লীগ এবং জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, সারা দেশে উন্নয়নের জোয়ার বইলেও বরিশাল সদরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নির্বাচিতরা ব্যবসাসহ হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকায় সদর উন্নয়ন বঞ্চিত হয়েছে। তাই সদর উপজেলায় পরিকল্পিত উন্নয়নের জন্য প্রার্থী হওয়ার কথা বলেন তিনি।

এদিকে সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান রিন্টু বলেন, আনোয়ার হোসাইন আওয়ামী লীগের নয়, বিদ্রোহী প্রার্থী। তিনি হয়তো কোন ক্ষোভ থেকে এসব বলেছেন। নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ঘোষিত গ্রামকে শহরে পরিণত করার জন্য কাজ করবেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার জানান, মঙ্গলবার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাই এবং ৭ মার্চ প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে বরিশালের ৯ উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট।

তিনি আরো জানান, বরিশালের ১০ উপজেলার মধ্যে ৯ উপজেলার ৭০৬ কেন্দ্রে মোট ভোটার ২১ লাখ ৮৮ হাজার ৮৬জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত