নাটোরের গুরুদাসপুরে লিচু গাছের সঙ্গে বাধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর বাজারের একটি লিচু বাগান থেকে আবুল কালাম নামে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম নাজিরপুর নতুনপাড়া মহল্লার মৃত কালু বিশ্বাসের ছেলে।
টাকা পয়সা লেনদেন নিয়ে আবুল কালামের সহযোগীদের সঙ্গে বিরোধের একপর্যায়ে তাকে ছুরি মেরে হত্যার পর লিচু গাছের সাথে বেঁধে রাখা হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত গনি হাজীর ছেলে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে কে বা কারা আবুল কালামকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে অনেক জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে তার ব্যবহৃত মোবাইলে কল দিয়ে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরে একটি লিচু বাগানের লিচু গাছের সঙ্গে বাধা রক্তাক্ত অবস্থায় কালামের মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
গুরুদাসপুর থানার উপপরিদর্শক ময়েজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
