যশোরের মনিরামপুরে নৌকা ডুবিতে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মৌসুমি আক্তার (১৬) উপজেলার পারখাজুরার আব্দুর রশিদের মেয়ে ও পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী।
স্থানীয় মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মঙ্গলবার ছিল দাখিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পারখাজুরা দাখিল মাদ্রাসার পরীক্ষার কেন্দ্র রাজগঞ্জ মডেল মাদ্রাসায়। সকাল ৯টার দিকে ১৮জন পরীক্ষার্থী খেয়া নৌকায় করে পারখাজুরা বাঁওড় পার হয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। বাঁওড়ের মাঝামাঝি এসে স্রোতে নৌকাটি ডুবে যায়।
এ সময় বিভিন্ন ভাবে অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও মৌসুমি আক্তারকে খুঁজে পাওয়া যায়নি।
বাঁওড়ের জেলেরা জাল ফেলে তার সন্ধান না পেয়ে খুলনা থেকে ডুবুরি দল এসে সাড়ে ৪ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে পরীক্ষার্থীসহ নৌকা ডুবির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফি, জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফি বলেন, সকালে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসি পারখাজুরা বাঁওড়ে। সারা দিন বৃষ্টি উপেক্ষা করে উদ্ধার কর্মীদের সঙ্গে নৌকায় এই পানিতে উদ্ধার কাজে অংশ নিয়ে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, ডুবে যাওয়া অন্য পরীক্ষার্থীরা কমবেশি অসুস্থ হলেও তাদের পরীক্ষায় অংশ গ্রহণ করানো সম্ভব হয়েছে।
