সিলেটে ছাত্রলীগকর্মী শাহেদ আহমদ (১৫) হত্যা মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বনকলাপাড়া, হাউজিং এস্টেট, বালুচর ও চৌকিদেখি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
গ্রেপ্তার আসামিরা হলো- মারুফ আহমদ (১৯), লিছান আহমদ (১৯), নাঈম আহমদ তানভীর (১৯), মিজানুর রহমান সুমন (১৮), ইমরান খান (২০), আবু নওশের দুর্জয় (১৯) ও রাফাত আহমদ (১৮)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের আদালতে হাজির করা হলে সেখানেও তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য নগরীর চৌকিদেখি এলাকার মৃত আবদুল খালিকের ছেলে শাহেদ আহমদ গত রবিবার রাতে ছুরিকাঘাতে খুন হয়। এ ঘটনায় শাহেদের ভাই জাহেদ সাইফুল্লাহ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।
