এবার হলের বাইরে ভোটকেন্দ্র দাবিতে ওয়ালিদের অনশন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ২০১৭ সালে ১৫ দিন অনশন করে আলোচনায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়ালিদ আশরাফ। এবার ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করাসহ চার দফা দাবিতে ফের অনশনে বসেছেন তিনি। গতকাল মঙ্গলবার বেলা ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে অনশনে বসেন ওয়ালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সন্ধ্যাকালীন কোর্সের ছাত্র ওয়ালিদ। ১১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে অনশনের বিষয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বিভিন্ন হলে ছাত্রলীগের দখলদারিত্ব। এখনো হলে সহাবস্থান নিশ্চিত হয়নি। তাই চার দফা দাবিতে অনশনে বসেছি।’

ওয়ালিদের পাশে ঝুলিয়ে রাখা চারটি দাবি হলোÑ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র খেলার মাঠ, আইইআর ভবন, টিএসসি ও সমাজকল্যাণ ইনস্টিটিউটে স্থানান্তর করা; মিডিয়া ও পর্যবেক্ষকদের নজরদারির অধিকার; সাম্য ও সহাবস্থানের পরিবেশ এবং ৪০ বছর পর্যন্ত প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘ডাকসুর পরিবেশ ভালো। এই ভালো পরিবেশ নষ্ট করার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে কি না দেখতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত