জালিয়াতির মাধ্যমে ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হালিশহর থানায় এ মামলা করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। আসামিরা হলেনÑ চট্টগ্রামের এনায়েত বাজারের মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের
মালিক মোজাহের হোসেন, এবি ব্যাংকের ইভিপি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) ও পোর্ট কানেক্টিং রোড শাখার ম্যানেজার মো. নাজিমউদ্দিন এবং প্রধান কার্যালয়ের সাবেক এসএভিপি (সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট) ও ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিং ইনচার্জ মো. আজাদ হোসেন।
এজহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এবি ব্যাংকের পোর্ট কানেক্টিং রোড শাখা থেকে আন্তর্জাতিক ঋণপত্রের মাধ্যমে খাদ্যসামগ্রী আমদানি করে স্থানীয় বাজারে বিক্রি করে। কিন্তু আমদানির ঋণ মঞ্জুরিপত্রের শর্ত অনুযায়ী, ২০১৩ সালের ৩১ অক্টোবরের মধ্যে সুদসহ ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকার ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন।
মামলার বিবরণীতে বলা হয়, আসামি আজাদ হোসেন নজরদারির দায়িত্ব সঠিকভাবে পালন না করে এই টাকা আত্মসাতের সুযোগ করে দেন। শাখা ব্যবস্থাপক মো. নাজিমউদ্দিন মাত্র ১ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ১০ শতাংশ জমি সহায়ক জামানত নিয়ে ঋণ প্রস্তাব ও বিতরণ করেন এবং আমদানি করা খাদ্যসামগ্রী গুদামে মজুদ ও বিক্রির বিষয়ে যথাযথ তদারকি না করে ‘উৎসাহী’ ও ‘ঝুঁকিপূর্ণ ব্যাংকিং’ কার্যক্রম পরিচালনা করেন। এ কারণে গ্রাহক কর্র্তৃক ব্যাংকের টাকা আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়।
