পাকিস্তানের ৪ বেসামরিক নাগরিক নিহত, ভারতের ৫ সেনা আহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৫ এএম

পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান শাসিত কাশ্মীরে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। অন্যদিকে ভারতের পাঁচ সেনা আহত হয়েছেন।

মঙ্গলবার থেকে সৃষ্ট যুদ্ধাবস্থার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (সীমান্ত) গোলাবর্ষণ অব্যাহত থাকলে কোটলি জেলায় এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য কর্মকর্তা নাসরুল্লাহ খান আলজাজিরাকে বলেন, গোলাবর্ষণে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা-সহ দুই শিশুও রয়েছে।

একইভাবে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা শরিক তারিক এএফপিকে বলেন, ভারতীয় গোলায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে একটি ঘরে আঘাত হানে। এতে এক নারী ও তার দুই ছেলে-মেয়ে নিহত হয়।

ডন জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ভারতীয় বাহিনী পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি, ভিমবার ও পুঞ্চ জেলায় গুলি, মর্টারশেল হামলা চালায়। এতে এক নারী ও তার দুই সন্তানসহ চারজন নিহত হন। এতে আহত হন আরও ১১ জন।

এদিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানি সেনার পাল্টা গুলিতে কমপক্ষে পাঁচ ভারতীয় সেনা আহত হয়েছেন।

দ্য হিন্দু জানায়, নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানি সেনার হামলায় পাঁচ সেনা আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ।

ভারতীয় সেনাবাহিনী জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার পর সীমান্তের ১২ থেকে ১৫টি জায়গায় হামলা চালায় পাক সেনারা। তাদের সঙ্গে গুলি বিনিময়ে পাঁচ সেনা আহত হন। তাদের মধ্যে দুজনকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এতে ৩২৫ জইশ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে দাবি করে পাকিস্তান।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালালে ৪৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ জওয়ান নিহত হন।

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করে। পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে এ যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত