‘অন্দরমহল’ প্রযোজকের কাছে ১১ লাখ রুপি পান কনীনিকা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫ এএম

টেলিভিশন অনেক আগেই ছেড়েছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বছর দুয়েক আগে ‘অন্দরমহল’-এর মাধ্যমে ফেরেন, সিরিয়ালটি বেশ জনপ্রিয়ও হয়।

কিন্তু হঠাৎই সিরিজটি ছাড়ার ঘোষণা দেন। ‘অন্দরমহল’ শেষ হওয়ার কয়েক মাস পর জানালেন প্রযোজকের কাছে ১১ লাখ রুপি পান তিনি।

আনন্দবাজার পত্রিকাকে এক সাক্ষাৎকারে কনীনিকা জানান, প্রযোজনা সংস্থা থেকে প্রাপ্য টাকা পাননি। এখনো ১১ লাখ রুপি পান।

তার অভিযোগের প্রেক্ষিতে ‘অন্দরমহল’-এর পরিচালক ও প্রযোজনা সংস্থার কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরাই বরং তার কাছ থেকে ৭ লাখ রুপি পাই।’’

আরও জানান, সাধারণত অভিনেতাদের সঙ্গে প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেলের চুক্তি হয়। কনীনিকার ক্ষেত্রে তা হয়নি।

লীনা বলেন, ‘‘মাসে বিশ দিন কাজ করার শর্তে চুক্তি করা হয়। কিন্তু কনীনিকা সেই শর্তে রাজি ছিলেন না। তিনি বলেন, ১৩ দিনের বেশি কাজ করতে পারবেন না। সুতরাং কোনো চুক্তি হয়নি। কিন্তু তিনি বিশ দিনের কাজের নিরিখেই টাকা পেয়েছেন। সেটা তো হওয়া উচিত নয়। কনীনিকা আর কোনো টাকা পাবেনই না। উল্টে তাকে তো অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে।’’ 

এ ছাড়া শুটিংয়ের মাঝে বেড়াতে যাওয়া, সিনেমার কাজ ও হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দেওয়ার অভিযোগও করেন লীনা।

তবে সিনেমার শুটিং বা বেড়াতে যাওয়ার জন্য আগাম অনুমতি নিয়েছিলেন বলে আগেই জানিয়েছিলেন কনীনিকা। শারীরিক সমস্যার কারণে ধারাবাহিক ছাড়ছেন, এ-ও বলেছিলেন। আবার নতুন অভিযোগের পাল্টা কিছু বলতে চাননি।

কনীনিকা বলেন, ‘‘আমি আর্টিস্ট ফোরামকে সবটা জানিয়েছি। এটুকু বলতে পারি, আমাকে বিগিনার্স কনট্র্যাক্ট পাঠানো হয়েছিল বলেই তা ফেরত পাঠিয়েছিলাম। মাসের ১২-১৩ দিনের মধ্যেই আমি কিন্তু সবটা শুট করে দিতাম। না হলে ধারাবাহিক চালানো সম্ভব হতো না।’’

এ দিকে শিগগিরই মুক্তি পাচ্ছে কনীনিকার পরের সিনেমা ‘মুখার্জী দার বউ’। বর্তমানে জোরালো প্রচারণায় ব্যস্ত তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত