ঐশ্বরিয়ার বদলে প্রিয়াঙ্কা!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ পিএম

সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে সঞ্জয় লীলা বানসালি ১৯৯৯ সালে মুক্তি দেন ‘হাম দিল দে চুকে সনম’। এবার নতুন গল্পে দ্বিতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। এটা নিশ্চিত যে এ সিনেমায় থাকছেন না ঐশ্বরিয়া। তবে কি প্রিয়াঙ্কা?

কয়েক মাস আগে নিক জোনাসকে বিয়ে করবেন বলে সালমানের ‘ভারত’ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা।

কয়েক দিকে আগে জানা যায়, বারো বছর পর সঞ্জয় লীলা বানসালির ছবিতে ফিরছেন সালমান খান। ওই ছবিতে নায়িকা চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

এ গুঞ্জন আরও জোরালো হয়েছে প্রিয়াঙ্কার মন্তব্যে। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ তিনি জানান, পরের ছবির জন্য সঞ্জয়ের সঙ্গে কথা চলছে।

অনেক দিন ধরেই বলিউডে বড় প্রজেক্টের সন্ধানে আছেন এ নায়িকা। সালমানের ‘ভারত’ একটি সুবর্ণ সুযোগ ছিল। ছবিটি না করায় ভাইজানের রোষের মুখেও পড়েছিলেন।

তবে নিক-প্রিয়াঙ্কার মুম্বাই রিসেপশনে সালমান যান। পরে ভাইজানের বাড়ি গিয়ে দেখাও করেন নবদম্পতি। তাই দু’জনের মধ্যে অতীতে মনোমালিন্য থাকলেও এখন সব মিটে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সালমানের সঙ্গে ‘মুঝসে শাদি করোগি’, ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবিতে অভিনয় করেন প্রিয়াঙ্কা।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সঞ্জয়ই সিনেমাটির গল্প লিখেছেন। সালমানের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন। তিনি গল্প পছন্দ করেছেন।

সিনেমাটির নাম হতে পারে ‘হাম দিল দে চুকে সনম টু’। হিট সিনেমার নামে হলেও সিক্যুয়েল বা রিমেক নয় এটি।

সঞ্জয়ের মতে, ‘হাম দিল দে চুকে সনম’-এর মতো হৃদয়গ্রাহী সব উপাদান আছে এ গল্পে। তাই ‘দ্বিতীয় কিস্তি’ আকারে মানানসই। তবে গল্প একদমই নতুন।

সূত্রটি আরও জানায়, সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে চলতি বছরের শেষ দিকে।

সালমানের পরের সিনেমা ‘দাবাং থ্রি’র শুটিং শুরু হবে মার্চের শেষ দিকে। কপ অ্যাকশন সিনেমাটির তৃতীয় কিস্তির পরপরই শুরু করবেন সঞ্জয়। মুক্তি পাবে ২০২০ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত