পাইলট ‘হারানোর’ খবর স্বীকার ভারতের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৫ পিএম

নিজেদের পাইলট নিখোঁজের ব্যাপারটি অবশেষে স্বীকার করল ভারত। পাকিস্তান থেকে ভারতীয় পাইলট গ্রেপ্তারের দাবি ওঠার কয়েক ঘণ্টা পর এমন বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

তাদের কতজন পাইলট নিখোঁজ রয়েছে সে বিষয়টি স্পষ্ট করেনি ভারত। পাকিস্তান থেকে দাবি করা হয়েছে, তাদের হাতে দুজন ভারতীয় পাইলট গ্রেপ্তার হয়েছে।

ভারতের বিবৃতির আগে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে একজন ব্যক্তিকে চোখবাঁধা অবস্থায় কথা বলতে দেখা গেছে।

বিবিসি জানায়, ওই চোখবাঁধা ব্যক্তি ভারতীয় পাইলট। নাম অভি নন্দন। তিনি নিজেকে উইং-কমান্ডার হিসেবে পরিচয় দিয়েছেন।

পাকিস্তানের দাবি, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং দুজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত আবার এই দাবি অস্বীকার করে। তারা জানায়, পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান হামলার একদিন পর এই সব ঘটনা ঘটছে।

১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে ‘কার্যকর প্রমাণ’ চান। সঙ্গে এও বলেন, ‘ভারত হামলা করলে আমরা উচিত জবাব দেব।’

বুধবারও ইমরান খান বক্তব্য দিয়েছেন। তিনি এদিনও ‘শান্তি’ চেয়ে ‘আলোচনা’র প্রস্তাব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত