শার্ম এল-শেখ ফিল্ম ফেস্টিভ্যালে ঢাকার দুই নির্মাতা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৯ পিএম

মিশরে অনুষ্ঠিতব্য শার্ম এল-শেখ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন ঢাকার দুই নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌ ও নূর ইমরান মিঠু। খবরটি তারা নিশ্চিত করেছেন।

শার্ম এল-শেখ শহরে ২ মার্চ শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে উৎসব। এতে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করবেন মৌ ও মিঠু।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’-খ্যাত মৌ যাচ্ছেন বিচারক হিসেবে। স্বল্পদৈর্ঘ্য বিভাগে তিন বিচারকের অন্যতম তিনি। সঙ্গে থাকছেন মিশরের হানি লাশেন ও সিরিয়ার আলী ওয়াগে।

অন্য দিকে মিঠু যাচ্ছেন তার প্রশংসিত চলচ্চিত্র ‘কমলা রকেট’ নিয়ে। এটি উৎসবের প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে।

মিঠুর প্রথম সিনেমাটি ইতিমধ্যে বেশ কিছু উৎসবে জিতে নিয়েছে পুরস্কার। মঙ্গলবার নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘কমলা রকেট’। 

চলতি মাসেই ফ্রান্সে অনুষ্ঠিত ফেস্টিভ্যাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড তথা দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ আসরে ছবিটি প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নেয়।

এর আগে শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জেতেন নির্মাতা মিঠু। ঢাকায় ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’ এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পায় ‘হীরালাল সেন পদক’। এ ছাড়া বেশ কিছু উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে সিনেমাটি। বর্তমানে দেখা যাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত