ভারতের কাশ্মীর নীতির সমালোচনায় ওআইসি

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১১:১৬ পিএম

কাশ্মীর নিয়ে ভারতের কঠোর নীতির সমালোচনা করে আনা একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। গত শনিবার আবুধাবিতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সভায় ওই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দ্য ওয়ার। ওআইসির সভায় গৃহীত প্রস্তাবে ভারতের কাশ্মীর নীতির কঠোর সমালোচনা করে বলা হয়, ২০১৬ সাল থেকে কাশ্মীরে ভারতীয় হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে অবৈধ আটক ও গুম বেড়েছে এমন দাবি ছাড়াও ভারত নিরীহ কাশ্মীরিদের বিরুদ্ধে নির্বিচার বল প্রয়োগ করছে বলেও অভিযোগ করা হয় ওআইসির প্রস্তাবে।

গত শুক্রবার ওআইসির সভায়

পাকিস্তানের আপত্তি সত্ত্বেও প্রথমবারের মতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পরদিন শনিবারই ৫৭টি ইসলামিক দেশের জোট ওই প্রস্তাবে অনুমোদন দেয়। পরে ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীর ইস্যুতে আমাদের অবস্থান  সামঞ্জস্যপূর্ণ এবং সর্বজনবিদিত। আমরা আবার নিশ্চিত করতে চাই যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিভাজ্য অংশ এবং এটা ভারতের একান্তই নিজস্ব বিষয়।’

তবে এবারের সভায় সুষমা স্বরাজের উপস্থিতির প্রতিবাদে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীকে না পাঠিয়ে কিছু জুনিয়র কর্মকর্তাদের পাঠায়। অবশ্য এ নিয়ে ওআইসির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে ফিরিয়ে দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানায় ওআইসি। গত বুধবার ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের পর পাকিস্তানে আটক হন ওই ভারতীয় পাইলট।

গত শুক্রবার ওআইসিতে বক্তব্য দানকালে সুষমা স্বরাজ বলেন, ‘আমরা যদি মানবতা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই সন্ত্রাসীদের আশ্রয় ও অর্থ দেওয়া রাষ্ট্রগুলোকে সেসব দেশে থাকা সন্ত্রাসী আস্তানার অবকাঠামো ধ্বংস এবং অর্থায়ন বন্ধ করতে বলতে হবে। আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসবাদ বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত