গত বুধবারের ঝড় ও শিলাবৃষ্টিতে সিরাজগঞ্জে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপরি গ্রামের ২০ পরিবার বসতঘর হারিয়ে এক সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে বাস করছে। উপজেলার চরসাপরি গ্রামের ক্ষতিগ্রস্ত আবদুল হাকিমের ছেলে আবদুর রউফ, নুরুল হকের ছেলে খায়রুল ইসলাম, হাবিবুর রহমানের ছেলে ওমর আলী, জহুরুলের ছেলে আবদুর রাজ্জাক জানান, গত ২৭ ফেব্রুয়ারির ঝড়, শিলাবৃষ্টিতে তাদেরসহ অন্তত ২০ পরিবারের বসতঘর উড়ে যায়। তারপর থেকে ওইসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বাস করছেন। তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। একই গ্রামের আবদুর রউফ, নূর আলম, খায়রুল, ওমর ও আবদুল কাদেরের বসতঘরের সন্ধান এখনো পাওয়া যায়নি। ঝড়ের দিন তাদের বসতঘরের চালা উড়ে যায়। ওই গ্রামের বাসিন্দা মজিদ ফকিরের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু ঝড়ের কবলে পড়ে মারা যায়। এদিকে শিলাবৃষ্টির কারণে এ এলাকার প্রায় ৭৫ একর জমির খেসারি, মসুর ও গমের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় এলাকাবাসী। স্থানীয় কোনো জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট মুড়ি ও পাঁচ কেজি চাল বিতরণ করা হয়েছে।
×
