বিশ্বকাপের পর ওয়ানডেতে অবসর নেবেন ইমরান তাহির

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১০:৫৩ এএম

আসছে ক্রিকেট বিশ্বকাপে খেলার মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। জাতীয় দলে পরবর্তী প্রজন্মের স্পিনারদের সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই লেগ স্পিনার।

সোমবার নিজেই এমন খবর জানান তাহির। তবে টি-টোয়েন্টিতে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। তাহিরের সঙ্গে ক্রিকেট সাউথ আফ্রিকার বর্তমান চুক্তির মেয়াদটি শেষ হবে চলতি বছরের জুলাইয়ের ৩১ তারিখ।

অবসর ভাবনা নিয়ে তাহির বলেন, “আমি সবসবময়ই বিশ্বকাপ খেলতে চেয়েছি। অসাধারণ একটি দলের হয়ে খেলাটা আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমার পারস্পরিক বোঝাপড়া হয়েছে এবং বিশ্বকাপে আমি আমার (ওয়ানডে) ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিতে মুখিয়ে আছি।”

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপটি হবে ৫০ ওভারের ক্রিকেটে তাহিরের জন্য হবে তৃতীয় বিশ্বকাপ খেলা। অভিজ্ঞ এই স্পিনার দক্ষিণ আফ্রিকার হয়ে এখন ৯৫টি ওয়ানডে খেলে নিয়েছেন ১৫৬ উইকেট। টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচে নিয়েছেন ৬২ উইকেট। আর ২০ টেস্টে তার উইকেট ৫৭টি!

তাহির বলেন, “আমি যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলতে চাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে আপনাকে বড় সিদ্ধান্ত নিতেই হয়। এটা বড় সিদ্ধান্তগুলোর একটি। নিশ্চিতভাবে এটা আমার জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত।”

“আমি এটাও মনে করি যে, দেশে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে, যাদের সুযোগ করে দেওয়া দরকার।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত