শিক্ষকদের ঘোষণা

১০ মার্চের মধ্যে এমপিওভুক্তি না হলে টানা অবস্থান

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০১:১৯ এএম

এমপিওভুক্তির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আগামী ১০ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ১২ মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্বাধীনতা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাদ আলী বলেন, ‘নতুন এমপিও নীতিমালার কিছু শর্ত অসংগতিপূর্ণ। এই নীতিমালা শিথিল করে স্বীকৃতি পাওয়া এবং স্বীকৃতির অপেক্ষায় থাকা প্রায় সাড়ে নয় হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।’ তিনি বলেন, ‘নতুন নীতিমালায় বলা আছে, শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে জেএসসি ও এসএসসি সমমানের পরীক্ষায় ৪০ পরীক্ষার্থীকে অংশ নিতে হবে। এর মধ্যে পাস করতে হবে কমপক্ষে ৭০ শতাংশ। এই শর্ত অযৌক্তিক।’ এ সময় অধ্যক্ষ মিলন কুমার ঘোষসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। তিন দফা দাবি উল্লেখ করে এরশাদ আলী বলেন, ‘শর্ত পূরণে সরকারের সামর্থ্য না থাকলে, এমপিওভুক্ত না করা পর্যন্ত ২৫ শতাংশ হারে বেতনভাতা দিতে হবে। শিক্ষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে চাকরির বয়স গণনা করতে হবে যোগদানের দিন থেকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত