তিন মাসের মধ্যে সব স্কুল-কলেজে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৪:১৯ এএম

আগামী তিন মাসের মধ্যেই ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের আওতাধীন সকল বেসরকারি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে সেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

বোর্ডের কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, এরই মধ্যে এই নির্দেশনা সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন কলেজ ও ডিগ্রি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে অনিয়ম অভিযোগ পাওয়া গেছে। প্রভাষক নিয়োগে বাণিজ্য বন্ধ হওয়ায় গভর্নিং বডির এক শ্রেণির সভাপতি ও সদস্য অবৈধ আয়ের পথ হিসেবে এই দুটি পদকে বেছে নেয়। এমন নানা অভিযোগের ভিত্তিতে গত বছর ২৮ আগস্ট এই দুই পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

এরপর রাজধানীর নামি স্কুল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আরিত্রির আত্মহত্যার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে দীর্ঘদিন প্রতিষ্ঠান পরিচালনার বিষয়টি আলোচনায় আসে। এরপরই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত