আ.লীগের সাধারণ সম্পাদকের ভার পাচ্ছেন না কেউ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৪:২৪ এএম

ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুর যাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। তবে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় দুই নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। কারণ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সঙ্গে নেতাকর্মীদের আবেগ জড়িত। এখন নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে খুবই দৃষ্টিকটু।

২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ২০১৬-১৯ মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। গত রবিবার সকালে হৃদরোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে অবস্থা স্থিতিশীল থাকলেও তার কিডনিতে কিছু জটিলতা, রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এসব সমস্যা নিয়ন্ত্রণ করে কয়েক দিনের মধ্যে তার বাইপাস সার্জারি করার কথা ভাবছেন চিকিৎসকরা।

আওয়ামী লীগের সম্পাদকম-লীর দুই সদস্য গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে জানান, আনুষ্ঠানিকভাবে কাউকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফেরা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে কথা বলার নির্দেশ দেবেন আওয়ামী লীগ সভাপতি। জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে একেক সময় দলের পক্ষে কথা বলার দায়িত্ব পাবেন একেকজন নেতা। কখনো সভাপতিম-লীর কোনো সদস্যকে, কখনো সম্পাদকম-লীর কোনো সদস্যকে দলের বক্তব্য তুলে ধরার জন্য বলবেন শেখ হাসিনা। বিশেষ প্রয়োজনে উপদেষ্টা পরিষদের মধ্য থেকেও কাউকে বক্তব্য দিতে বলবেন তিনি। কেন্দ্রীয় ওই নেতারা আরও বলেন, তাছাড়া দলের চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক এবং আবদুর রহমান তো আছেনই। প্রয়োজন অনুযায়ী গণমাধ্যমের সামনে দলের বক্তব্য উপস্থাপন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত