রোহিঙ্গা নির্যাতন আজ তথ্য সংগ্রহে আসছে আইসিসি প্রতিনিধিদল

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৪:২৫ এএম

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনকারীদের দায়বদ্ধতা নিশ্চিতে প্রাক অনুসন্ধানে আজ বুধবার দেশে আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি প্রতিনিধিদল। সাত সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে সাত দিন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং সে অনুযায়ী প্রতিবেদন তৈরি করে আদালতে জমা দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবেদন জমার পরে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের অপরাধের পূর্ণ তদন্ত হবে কি না সেটি নির্ধারণের জন্য আদালতে শুনানি হবে। আইসিসি প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে এবং ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইসিসির প্রধান কৌঁসুলি ফেতো বেনসুদার বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এটি একটি অপারেশনাল পর্যায়ের প্রতিনিধিদল এবং অনুসন্ধানের ওপর ভিত্তি করে তারা আদালতে প্রতিবেদন জমা দেবেন। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ফেতো বেনসুদার গত এপ্রিলে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের বিচার করার অধিকার আইসিসির আছে কি না তা জানতে চেয়ে একটি আবেদন করেন। এর ওপর শুনানির পর গত সেপ্টেম্বরে আদালত সিদ্ধান্ত দেয় যে তার এই অধিকার আছে। বাংলাদেশে বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এরমধ্যে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে ২০১৭ এর আগস্ট থেকে রাখাইনের নিজ ভূমি ত্যাগ করে বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমার সেনাবাহিনী ২০১৭ সাল থেকে হত্যাসহ সেখানকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত