দেশে জইশ-ই-মুহাম্মদের অস্তিত্ব নেই: পাকিস্তান

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৯:৩২ পিএম

পাকিস্তান দাবি করেছে তাদের দেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের কোনো অস্তিত্ব নেই। এই সংগঠনটি পুলওয়ামায় জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল।

১৪ ফেব্রুয়ারির ওই হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেশ দুটি গত কয়েক দিনে যুদ্ধকালীন পরিস্থিতির ভেতর দিয়ে গেছে।

আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর সিএনএনকে বলেন, ‘পাকিস্তানে জইশ-ই-মুহাম্মদের কোনো অস্তিত্ব নেই। জাতিসংঘ এবং পাকিস্তান তাদের নিষিদ্ধ করেছে।’

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটকের আগে-পরে দুই দেশ যুদ্ধের কাছে পৌঁছে গিয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘ভারত আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তাই আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে যেতে বাধ্য হই।’

পুলওয়ামা হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে হামলা চালায়। মোদি সরকার দাবি করে, ওই হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে।

কিন্তু পাকিস্তানের এই কর্মকর্তা বলছেন ভারতের দাবি মিথ্যা ছিল।

‘ভারত মিথ্যা দাবি করেছে। বল এখন তাদের কোর্টে। তারা সিদ্ধান্ত নিক পরিস্থিতি কোন দিকে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত