আশ্রয়ণ-৩ প্রকল্পের অধীনে কেনা পণ্যে ১৬১ কোটি টাকার মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর সূত্র জানায়, জনস্বার্থের বিষয় বিবেচনায় নিয়ে এই প্রকল্পের আওতায় যেসব পণ্য কেনা হবে, সেগুলোর ক্রয়কার্যের ওপর আরোপিত মূসক ও আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
ভাসানচরে ১ লাখে ৩ হাজার ২০০ রোহিঙ্গার আবাসন নিশ্চিতের লক্ষে আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি নৌবাহিনীর তত্ত্বাবধানে ২০১৭ সালের ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ২০১৯ মেয়াদে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ২ হাজার ৩১২ কোটি টাকা।
প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের বসবাস উপযোগী করার জন্য বাঁধ, ব্যারাক হাউজ ও আশ্রয়ণ স্টেশন নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজ চলছে। রোহিঙ্গারা দেশে ফিরে যাওয়ার পর এখানে ভূমিহীন ও দুস্থ নাগরিকদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে।
এর আগে আশ্রয়ণ-১ ও আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে কেনা পণ্যে মূসক ও আয়কর অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে বাসস। এই দুই প্রকল্পের মাধ্যমে ২ লাখ ৮৩ হাজার গৃহহীন পরিবার পুনর্বাসন করা হয়েছে।
