মাদকবিরোধী লড়াইয়ে সফলতার জন্য ‘মহাপরিকল্পনা’ প্রণয়নসহ সংশ্লিষ্ট আইনের সংশোধনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শেখ তন্ময়। গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অনুরোধ জানান।
শেখ তন্ময় বলেন, ‘আজকে মাদক আমাদের একটি বড় সমস্যা। পাঁচ কোটি তরুণের এক কোটি মাদকাসক্ত হয়ে পড়েছে। যারা মাদকের ব্যবসা করে, তাদের কোনোভাবেই নরমভাবে দেখলে হবে না। এক কোটি তরুণ মাদকাসক্ত হয়ে পড়লে, আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এদের ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় একটা মাস্টারপ্ল্যান দরকার। এই মাদক সমস্যা দূর করার জন্য আইনের সংশোধন প্রয়োজন।’
তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে আমি এখানে এসেছি। আমার নিজের কোনো অর্জন নেই। ভোট চাইতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেছি। যখনই শেখ হাসিনার কথা মানুষের কাছে বলেছি, তখনই তারা বলেছেন শেখের বেটিকে তো ভোট দিতেই হবে। আমি তাদের বলেছি, মনে করেন ৩০০ আসনেই শেখ হাসিনা দাঁড়িয়েছেন।’
