দলীয় প্রতীক নৌকা পেয়ে প্রচারণার মাঠ গরম রেখেছেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল। অপরদিকে দলের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নাম লেখাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন চিরিরবন্দর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক।
বিএনপি নেতৃত্বাধীন জোট এবারের উপজেলা নির্বাচন বর্জন করায় বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন মুকুল অথবা তারিক। তাই এখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় বিএনপি-জামায়াতের প্রার্থীর কাছে কোনোবারই জিততে পারেননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আহসানুল হক মুকুল। এদিকে সাধারণ ভোটারদের মন জয় করতে তাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ‘বিদ্রোহী’ প্রার্থী তারিকুল ইসলাম।
উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দিনরাত সভা-সেমিনার, উঠোন বৈঠকসহ সাধারণ মানুষের কাছে যাচ্ছেন নৌকার প্রার্থী। এদিকে দলীয় নেতাকর্মীকে ছাড়াই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আনারস প্রতীকের তারিকুল ইসলাম। অবশ্য গত কয়েকবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পেলেও জিততে পারেননি এবারের স্বতন্ত্র প্রার্থী।
নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল হক মুকুল জানান, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। উপজেলার সকল নেতাকর্মী মিলে সাধারণ মানুষের কাছে ভোটের জন্য ছুটে বেরাচ্ছি।’ তিনি বলেন, এবার নৌকা মার্কার জয় সুনিশ্চিত।
তবে তারিকুল ইসলামও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গাটা কেউ জোর করে নিতে পারবে না। উপজেলার সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
