সাহিত্যে বিশেষ অবদানের জন্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং প্রাবন্ধিক আবুল মোমেনকে ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পদক।
গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও শামসুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমি যখন যা করেছি, মনের আনন্দে করেছি। কোনো কিছু পাওয়ার আশায় করিনি। যেখানে যেতে ইচ্ছা করেছে, গিয়েছি। যা করতে মন চেয়েছে, করেছি। তবে কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে গৌরববোধ করছি।’ কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘গুণীজনের এ সমাবেশে নিজেকে দেখতে পেয়ে ভালো লাগছে। মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে।’
