এবার হ্যাকারের কবলে পড়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভেরিফায়েড ফেইসবুক পেইজ ও ই-মেইল আইডি। গতকাল শনিবার বিষয়টি জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন।
এর দুদিন আগে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভেরিফায়েড ফেইসবুক পেইজও হ্যাকারের কবলে পড়ে। তার ফেইসবুক থেকে চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দেওয়া হয়েছিল। এ ঘটনায় পরে থানায় জিডিও করা হয়।
মীর আসলাম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, শনিবার ভোরে প্রতিমন্ত্রীর ফেইসবুক পেইজ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে অনেকের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। পরে বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেইসবুক পাতায় একটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে বলা হয়, ‘গতকাল থেকে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ স্যারের ভেরিফায়েড ফেইসবুক পেজটি হ্যাকড হয়েছে। গতকালের পর থেকে এই পেইজে প্রকাশিত যেকোনো স্ট্যাটাস নসরুল হামিদের বক্তব্য নয়। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
প্রতিমন্ত্রীর ফেইসবুক বা ই-মেইল থেকে কোনো স্ট্যাটাস বা মেইল পেলে তা যাচাইয়েরও অনুরোধ জানান তিনি।
