ওয়েলিংটন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল ও সাদমান ইসলাম ড্রিংসের আগে পুরোটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন। কিন্তু এরপর লাঞ্চ বিরতির আগে ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দারুণ শুরুর পরও তাই হঠাৎ জেগেছে অস্বস্তি।
টানা দুই দিন বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ার পর রোববার ম্যাচের তৃতীয় দিন থেকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি। বেসিন রিজার্ভে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এই প্রতিবেদন লেখার সময় ৩ উইকেটে ১২৭ রান নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা।
তামিম-সাদামানে বাংলাদেশ শুরুটা পায় দারুণ। তামিম তুলে নেন ২৭তম টেস্ট ফিফটি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছিলেন তামিম। ড্রিংকসের আগে দারুণ খেলে তামিম ইকবাল ও সাদমান ইসলাম যোগ করেন ৭৪ রান। তবে ড্রিংকসের পর এক রান যোগ হতেই বিদায় নেন সাদমান ইসলাম। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। ফেরার আগে কিউই বোলারদের পেস-বাউন্সারগুলো সামলাচ্ছিলেন দারুণ ভাবে। ৫৩ বলে ২৭ রান করেন তিনি ৪ চারে।
এরপর তামিম-মুমিনুল জুটি যোগে করে ৪৪ রান। মুমিনুলকে উইকেটের পেছেনে ক্যাচ বানান নিল ওয়াগনার। ঠিক আগের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচেছিলেন রিভিউ নিয়ে। কিন্তু পরের বলটিতেই লাফিয়ে ওঠা বলে পরাস্ত মুমিনুল।
এরপর একই রকম চিত্র উপহার দিয়েছেন মোহাম্মদ মিঠুন। ওয়াগনারের লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছেনে ক্যাচ দিয়ে ফিরেছেন লাঞ্চের আগে শেষ বলটিতে। তার ঠিক আগের বলেই রিভিউ নিয়ে জীবন পেয়েছিলেন তিনি। দু-দুটি সফল রিভিউয়ের পরের বলে আউট হয়ে যাওয়া হতাশাটা বাড়িয়েছে আরো।
