কুমিল্লা বুড়িচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ৫জন আহত হয়েছে। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে উপজেলা সদরে চরম উত্তেজনা বিরাজ করছে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাশেম খানের সমর্থকেরা উপজেলা সদরে মিছিল বের করে। এ সময় নৌকার মিছিল থেকে দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আখলাক হায়দার গ্রুপের এক নেতার মার্কেটে এবং কয়েকজন কর্মীর ওপর হামলা করা হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।
এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
