ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন রুবেল। ৩৭ বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডার গত সপ্তাহে জানতে পেরেছেন এমন দুঃসংবাদটি।
কিছুদিন ধরেই মাথার যন্ত্রণায় ভুগছিলেন। শেষ পর্যন্ত রাজধানীর একটি হাসপাতালে এমআরআই করানোর পর তার মস্তিষ্কে ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা।
জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলা মোশাররফ রুবেল এখনো ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। সর্বশেষ বিপিএলে খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার কথা ছিল তার। কিন্তু অসুস্থতা তা হতে দিচ্ছে না।
মোশাররফের এই অসুস্থতার খবর ক্রিকেট অঙ্গনেই বিষাদের ছায়া ফেলেছে। তবে আশার কথা মোশাররফ জানিয়েছেন এটি প্রাথমিক পর্যায়ে আছে। দ্রুত অস্ত্রোপচার করালে সুস্থ হয়ে উঠবেন।
রোববার সংবাদমাধ্যমকে মোশাররফ বলেন, ‘‘আমি ভিসার জন্য আবেদন করেছি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অ্যাপোয়েনমেন্ট চেয়ে পাঠিয়েছি।’’
‘‘ডাক্তার বলেছেন টিউমারটি খুবই প্রাথমিক পর্যায়ে আছে। সফলভাবে তা অপসারণ করা সম্ভব হবে ইনশা আল্লাহ।’’
মোশাররফের চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন খরচ হতে পারে। জাতীয় দলের এই তারকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে কিছুটা আর্থিক সহায়তার অপেক্ষায়।’’
