গাড়ির দাম বাড়াচ্ছে তেসলা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:১১ পিএম

রবিবার রাতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক কোম্পানির কর্মকর্তাদের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন। ওই ই-মেইলে কোম্পানি বিক্রয় পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে ঘোষণা দেন তিনি। সে অনুযায়ী, প্রতিষ্ঠানটির তৈরি করা প্রায় সব গাড়ির দামই ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ১৮ মার্চ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে তেসলার এক বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি আগে স্টোর বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা ছিল, তা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও বেশিসংখ্যক তেসলা স্টোর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মকর্তাদের কাছে ই-মেইল ছাড়াও একটি ব্লগপোস্টও করা হয় তেসলার পক্ষ থেকে। মূলত প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার এবং সাধারণ ক্রেতাদের জানানোর জন্যই এই ব্লগপোস্ট করা হয়।

সম্প্রতি এক ঘোষণায় তেসলা জানিয়েছিল, প্রতিষ্ঠানটি তাদের সব স্টোর বন্ধ করে দেবে এবং বিশ^জুড়ে অনলাইনের মাধ্যমে তাদের বিক্রয় কার্যক্রম চালু রাখবে। তেসলার বিক্রয় কার্যক্রম পুরোপুরি ই-কমার্সনির্ভর করে এবং আরও কিছু খরচ কমিয়ে ইলেকট্রিক সিডান মডেল-৩ গাড়িটির বহুল প্রতীক্ষিত দাম ৩৫ হাজার ডলারের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল। ওই ঘোষণার ফলে তেসলার অনেক কর্মচারীই আশাহত হয়েছিলেন। কারণ স্টোর বন্ধ হয়ে গেলে অনেকেরই আর চাকরি থাকবে না।

তবে, তেসলার সিইও এলন মাস্ক অভ্যন্তরীণ ই-মেইলের মাধ্যমে যারা চাকরি হারানোর শঙ্কায় ছিলেন, তাদের আশ^স্ত করার চেষ্টা করেন। যদিও নির্দিষ্ট করে জানানো হয়নি, কোন স্টোরগুলো আবার খোলা হবে। দ্রুতগতিসম্পন্ন বৈদ্যুতিক গাড়ি নির্মাণে পথিকৃৎ মানা হচ্ছে এলন মাস্কের তেসলাকে। এই প্রতিষ্ঠানটির দেখানো পথে এখন বড় সব অটোমোবাইল কোম্পানিই কমবেশি হাঁটছে। সেদিক থেকে এলন মাস্ক এবং তেসলার গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। তবে এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও যেহেতু বাড়ছে, এ নিয়েও হয়তো মাথা ঘামাতে হচ্ছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত