শেষ হলো একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৪:৫৮ এএম

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল সোমবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি-সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এ ছাড়া বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সমাপনী বক্তব্য রাখেন।

এ অধিবেশন ছিল একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২৫ কার্যদিবসে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলের ১৯৪ জন ৫৪ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব  গৃহীত হয়।

এ অধিবেশন শুরু হয় গত ৩০ জানুয়ারি। চলে মোট ২৬ কার্যদিবস। পাঁচটি সরকারি বিল পাস হয়েছে। ৭১ বিধিতে ৩২১টি নোটিসের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়। ৭১ক বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ছিল ১৫৫টি।

এ অধিবেশনে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যরা অংশ নেন। এ ছাড়া অধিবেশনের প্রথম ১০ কার্যদিবসে প্রধানমন্ত্রী ৫০টি সংসদীয় কমিটি গঠন করে সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেন। এ অধিবেশনেই রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়।

এ ছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১১৪টি প্রশ্নের মধ্যে ৪৬টির উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য ২ হাজার ৩২৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৩০টির উত্তর দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত