আড়াই মাসের সেই শিশুটি ৩০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০১:০৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের জানালার গ্রিল কেটে আড়াই মাস বয়সী শিশুকে চুরি করে নেওয়ার ৩০ ঘণ্টা পার হলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি। ঘটনার পর পুলিশের তিনটি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এদিকে, শিশু আব্দুল্লাহকে উদ্ধার করতে না পারায় পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

রোববার দিবাগত রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনয়নের বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে তার ছেলে আব্দুল্লাহকে বিছানা থেকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃত শিশু আব্দুল্লাহর বাবা জমির দলিল লেখক সোহাগ হাওলাদার বলেন, “আমার দুধের শিশু আব্দুল্লাহকে চুরি করে নেয়ার ৩০ ঘণ্টা পার হলেও পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি। আমার ছেলেটি এমনিতেই শারীরিকভাবে অসুস্থ। সে এখন কেমন আছে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছি।”

তিনি বলেন, “অপহরণকারীরা আমার ছোট ভাইয়ের ফোনে ছেলেকে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। রোববার রাত পৌনে তিনটার দিকে ছেলে কান্নাকাটি শুরু করলে আমি ও আমার স্ত্রী ঘুম থেকে জেগে তাকে ওষুধ খাওয়াই। ওষুধ খাওয়ার পর ছেলে তার মায়ের দুধ খেতে খেতে তার কোলের মধ্যেই ঘুমিয়ে পড়লে আমরাও ঘুমিয়ে পড়ি।

এরপর রাত সাড়ে ৪টার দিকে হঠাৎ আমরা ঘুম থেকে জেগে দেখি বিছানায় আমার ছেলে ও আমার ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট নেই। আমরা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দেখি আমার শোবার ঘরের জানালার গ্রিল কেটে নিচেই নামিয়ে রাখে এবং অন্য ঘরের সবগুলো দরজা বাইরে থেকে আটকে দেয় দুর্বৃত্তরা।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই প্রতিবেদককে বলেন, পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আমরা এখনো তাকে উদ্ধার করতে পারিনি। কারা কি কারণে শিশুটিকে চুরি করল তা পুলিশ তদন্ত করে দেখছে।

শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত