জলাধার পুনরুদ্ধারে রবিবার থেকে ঢাকা উত্তরে অভিযান

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০২:০৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দখল হওয়া জলাধার পুনরুদ্ধারে আগামী রবিবার থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার ডিএনসিসিভুক্ত বিভিন্ন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

আতিকুল বলেন, সিটি করপোরেশনের অধীনে যত ধরনের খাল আছে সেগুলো দখলমুক্ত করা হবে। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আগে মাইকিং করতে হবে, উনাদের (দখলকারী) বলতে হবে। যদি তাতে কাজ না হয়, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ মেয়র আরও বলেন, ‘আপনারা দেখেছেন, বুড়িগঙ্গা নদীর দুই তীরে অনেক ক্ষমতাবান মানুষের স্থাপনা ছিল, সবকিছু উচ্ছেদ শুরু হয়েছে। সুতরাং ওগুলো যদি (সরকার) ভাঙতে পারে, তাহলে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, সিটি করপোরেশনের জায়গায় যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদে যা যা করার তা করব।’

বিজিএমইএর (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) সাবেক সভাপতি আতিকুল বলেন, ‘আমি ওয়াসার সঙ্গে কথা বলেছি, খালগুলো যদি কোনো কারণে প্রশস্ত করা না যায়, তাহলে কমপক্ষে যেন খনন করা হয়। সামনে বর্ষা আসছে। এতে জলাবদ্ধতা কিছুটা হলেও নিরসন হবে।’ তিনি আরও বলেন, ‘৩০ বছরের নর্দমার কারণে পানির যে জট, তা আমরা এক দিনে নিরসন করতে পারব না। তবে শুরু তো করতে পারি।’ নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘আমি নগরবাসীকে অনুরোধ করব, আমরা ঘরবাড়ি যেভাবে পরিষ্কার রাখি সেভাবে রাস্তাগুলোকেও পরিষ্কার রাখি। সবাইকে অনুরোধ করব, নিজ নিজ দোকানের ময়লা ড্রেনে ফেলবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত