শিশু যৌন নির্যাতনের দায়ে অস্ট্রেলিয়ার শীর্ষ ধর্মযাজক জর্জ পেলকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯৯৬ সালে মেলবোর্নের প্রধান গির্জায় দুজন গায়ক ছেলের ওপর যৌন নিপীড়ন চালান তিনি।
বিবিসি জানায়, ৭৭ বছর বয়সী জর্জ পেল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ভ্যাটিকানের ট্রেজারার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষমতাধর ধর্মীয় গুরু। গির্জার অভ্যন্তরে গায়ক দলের দুই ছেলেকে যৌন হয়রানি করেন তিনি।
বুধবার মেলবোর্নের একটি আদালতের বিচারক পিটার কিড এ ধর্মযাজককে উদ্দেশ করে বলেন, তিনি নির্লজ্জভাবে এবং জোরপূর্বক দুই শিশুর ওপর যৌন আক্রমণ চালিয়েছেন।
তবে জর্জ পেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার গির্জাগুলোয় যাজক ও পাদ্রীদের বিরুদ্ধে হাজার হাজার শিশুকে যৌন নির্যাতন করার প্রমাণ মিলেছে এক সমীক্ষায়।
অস্ট্রেলিয়ার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে গঠিত ‘রয়্যাল কমিশন’ এর এক প্রতিবেদনে দেখা গেছে, গত ছয় দশকে শিশুকামী যাজকদের হাতে দেশটিতে প্রায় চার হাজার ৪৪০ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, ১৯৫০ সাল থেকে ২০১০ সালের মধ্যে ক্যাথলিক যাজকরা এসব শিশুদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। আর ১৯৮০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ৪ হাজার ৪৪০ জনেরও বেশি ব্যক্তি যৌন নিপীড়নের শিকার হওয়ার দাবি করেছে।
এসব ঘটনায় এক হাজার ৮৮০ জন যাজক জড়িত ছিলেন বলে জানায় কমিশন। আর যাজকদের মধ্যে ৯০ ভাগই পুরুষ এবং ১০ ভাগ নারী।
বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার মোট ক্যাথলিক যাজকদের সাত শতাংশই শিশু যৌন নিপীড়নের সঙ্গে জড়িত।
