অপু চরিত্রে শুভ, সঙ্গে ‘রানি রাসমণি’র দিতিপ্রিয়া

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০১:১০ পিএম

অনেক দিন ধরে শোনা যাচ্ছে, কলকাতার ‘অভিযাত্রিক’ চলচ্চিত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আইকনিক চরিত্র অপু হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে। এবার আনুষ্ঠানিক ঘোষণায় এর সত্যতা জানা গেল।

সিনেমাটি পরিচালনা করছেন শুভ্রজিৎ মিত্র। টাইমস অব ইন্ডিয়াসহ স্থানীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন তিনি। সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভ।

সম্প্রতি কলকাতায় ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে শুভর ‘আহা রে’ মুক্তি পায়। ওই সিনেমার সম্পাদনাকালে শুভকে দেখে পছন্দ করেন শুভ্রজিৎ।

জানা যায়, সিনেমাটিতে শুভর সঙ্গে অভিনয় করছেন টিভি সিরিয়াল ‘রানি রাসমণি’-খ্যাত দিতিপ্রিয়া। পরিচালক জানান, এ অভিনেত্রীকে দেখা যাবে অপর্ণা চরিত্রে। যার মধ্যে ‘বালিকা বধূ’র আবহ খুঁজে পেয়েছেন তিনি।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের চরিত্র অপু বাঙালি পাঠকদের কাছে খুবই প্রিয়। তার কাহিনি নিয়ে ‘অপু ট্রিলজি’ নির্মাণ করে বিশ্বজোড়া খ্যাতি পান সত্যজিৎ রায়। ট্রিলজির ‘অপুর সংসার’ সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় সূর্যাস্তের সময় ছেলে কাজলকে কাঁধে তুলে নিয়ে অপু চলে যাচ্ছে। ‘অভিযাত্রিক’ শুরু হবে সেখান থেকে।

শুভ্রজিৎ জানান, ইতিমধ্যে ৮০টি শিশুর অডিশন নিলেও মনের মতো কাউকে খুঁজে পাননি। জানান, বাঙালি শিশুরা মাতৃভাষা ঠিকভাবে জানে না।

ছবিতে অপুর ভ্রমণসঙ্গী হিসেবে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। তবে তার চরিত্র নিয়ে বেশি কিছু জানা যায়নি। অপুর বান্ধবী লীলা চরিত্রে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। উপযুক্ত অভিনেত্রী না পাওয়ায় সত্যজিৎ এ চরিত্রটি তার সিনেমায় রাখেননি। অন্যদিকে অপুর বোন দুর্গার বান্ধবী রানু দি হচ্ছেন শ্রীলেখা মিত্র।

‘অভিযাত্রিক’ নিবেদন করছেন বলিউডের নির্মাতা মাধুর ভান্ডারকর। তিনি জানান, এ সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি। একজন নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমী হিসেবে সত্যজিতের ভক্ত ‘ফ্যাশন’ সিনেমার এ পরিচালক। অপু চরিত্রটি তার কাছে সব সময়ই প্রিয় ও আগ্রহ জাগানিয়া।

১৯৪০ এর দশকের আবহ ধরে রাখতে ‘অভিযাত্রিক’ নির্মিত হবে সাদা-কালোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত