ঝালকাঠিতে স্বামীর দায়ের কোপে স্ত্রী পারভিন বেগম (৪৫) এর মৃত্যু হয়েছে।
বুধবার জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত পারভিন তিন সন্তানের জননী ও একই গ্রামের শহিদ জমাদ্দারের প্রথম স্ত্রী ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম চেঁচরী গ্রামের মজিদ জমাদ্দারের পুত্র শহিদ জমাদ্দার সম্প্রতি দ্বিতীয় বিবাহ করায় পারিবারিক কলহের জেরে তার প্রথম স্ত্রী পারভিন বেগমকে ধারালো দা দিয়ে কোমরে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এতে প্রচুর রক্ত ক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় পারভিনকে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই পারভিনের মৃত্যু হয় ।
মৃতের ভাই উপজেলার আমুয়া গ্রামের মনির মোল্লা জানান, তার বোন পারভিন ছাড়াও কিছুদিন আগে তার ভগ্নিপতি আরও একটি বিয়ে করেন । এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল । বুধবার দুপুরে দ্বিতীয় বিবাহ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়া হয় । ঝগড়ার একপর্যায়ে শহিদুল আমার বোনকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে ।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, পারভিন হত্যার দায়ে স্বামী শহিদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। লাশ ভান্ডারিয়া থানা থেকে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
