অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী জাপান

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১২:১৩ এএম

জাপান বাংলাদেশের অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে বিডার কার্যালয়ে বাংলাদেশে জাপান দূতাবাসের কাউন্সিলর আসুহারু শিন্তো ও ফার্স্ট সেক্রেটারি তাকিশি শিমোকিওদা এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

এই শিল্পে বিনিয়োগের ব্যাপারে তারা বাংলাদেশের সম্ভাব্য সব প্রণোদনা ও তথ্য সংগ্রহের পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সার্বিক সহযোগিতাও কামনা করেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, অটোমোবাইল শিল্পে বিনিয়োগ বর্তমানে সময়োপযোগী একটি সিদ্ধান্ত। বাংলাদেশ বিশ্ববাজারে এ শিল্পের জন্য যথার্থ ভাবমূর্তি তৈরি করতেও আগ্রহী। বাংলাদেশের বাজার অটোমোবাইল শিল্পের জন্য যথেষ্ট পরিণত বলেও তিনি উল্লেখ করেন। কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তাদের সঙ্গে শুধু অটোমোবাইল শিল্পের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। বিডার নির্বাহী চেয়ারম্যান অটোমোবাইল শিল্পে জাপানের বিনিয়োগের ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কর্মী জাপানে পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। জনশক্তি রপ্তানি বিষয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সফররত জাপানের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রতিমন্ত্রী এই আগ্রহের কথা জানান। বৈঠকে প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল। বাংলাদেশের জনশক্তি ব্যবহার করে জাপান তার শ্রম ঘাটতি পূরণ করতে পারে। জাপানের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।’ উল্লেখ্য ক্রমাগত কর্মক্ষম তরুণদের সংখ্যা কমে আসায় সম্প্রতি বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান সরকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত