ভাইয়ের কোদালের আঘাতে এনটিভির প্রয়াত সাংবাদিক সোহানুর রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তার নদী (৩০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নদীর স্বজনরা জানান, দুই বছরে আগে স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকেন নদী। চার মাস আগে বাবা ইমান আলীও মারা যান।
সোহান নদীর বড়ভাই পারভেজের থেকে দুই শতাংশ জমি কিনেন। মৃত্যুর দেড় মাস আগেও তার কাছ থেকে আরও আধা শতাংশ জমি কেনার বায়না করেন। কিন্তু রেজিস্ট্রি করতে পারেননি। পারভেজও তা রেজিস্ট্রি করে দেয়নি।
বুধবার সকালে সেই জমিতে টিউবওয়েলের পাইপ বসায় পারভেজ। এ খবর পেয়ে নদী দেড় বছরের মেয়ে তিশাকে নিয়ে ঘটনাস্থলে যান। এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ নদীর মাথায় কোদাল দিয়ে আঘাত করে এবং গলা টিপে হত্যার চেষ্টা করে। তিশাকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
চিকিৎসকের বরাত দিয়ে নদীর ছোট ভাই তরুণ মিয়া বলেন, ‘কোদালের আঘাতে নদীর মাথার হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণও হয়েছে। পরে অস্ত্রোপচার করে রক্ত বের করা হয়।’
