আসছে বর্ষার আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসির কাউন্সিলরদের সঙ্গে মেয়রের পরিচিতি ও মতবিনিময় সভায় এমন আশার কথা শোনান তিনি। সভায় মেয়র আতিক বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমি এরই মধ্যে বিভিন্ন জায়গা পরিদর্শন করা শুরু করেছি। আমরা ওয়াসাকে সঙ্গে নিয়ে বর্ষার আগেই জলাবদ্ধতার সমাধান করব। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি, ফুটপাত থেকে সব প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে।’
মেয়র আরও বলেন, ‘ড্রেনে মানুষ ময়লা-আবর্জনা ফেলে, এটা হতে দেওয়া যায় না। প্রতিটি দোকানে ডিএনসিসি নির্ধারিত ডিজাইনের ওয়েস্ট বিন এবং দুটি করে ফুল বা গাছের চারা রাখা বাধ্যতামূলক করা হবে। অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।’ ছাদে বাগান বা বাসার বেলকনিতে সবুজায়ন করলে কর রেয়াত সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ও প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
