কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার খানকারডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইয়াবা কারবারি বলে দাবি করেছে বিজিবি। তিনি উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় বাহিনীটির এক সদস্য আহত এবং ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জমাদ্দার দেশ রূপান্তরকে বলেন, ‘খানকারডেইল গ্রামের পাশের মেহেদীর লবণ প্রজেক্ট এলাকা দিয়ে ইয়াবার বড় একটি চালান দেশে ঢুকবে বলে বিজিবি সদস্যরা জানতে পারেন। এই খবরে বিজিবির একটি টহল দল ভোরে সেখানে অভিযানে যায়। তখন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে বিজিবির টহলদলের এক সদস্য আহত হন। তখন বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ১০-১২ মিনিট গুলিবিনিময় হয়।’
একপর্যায়ে পাচারকারীরা গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানিয়ে বিজিবি কর্মকর্তা শরীফুল আরও বলেন, ‘গোলাগুলি থামার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক ইয়াবা পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিজিবি অধিনায়ক জানান, ঘটনাস্থল থেকে সাত হাজার ইয়াবা এবং দুটি কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে টেকনাফ মডেল থানায়।
