প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হবে। পাশাপাশি আগামী দুবছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়া ও সহযোগিতায় তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন, যা দেশের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি এ অর্জনকে দেশের জনগণের জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
