জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদার আপিল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০৪:১১ এএম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজার রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে কারাগারে থাকা সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনও চাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত নথিপত্র দাখিল করেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে জানান, হাইকোর্টের রায়ের ১৭৭ পৃষ্ঠার অনুলিপিসহ প্রায় তিনশ পৃষ্ঠার আপিল আবেদন করা হয়েছে। শিগগির আপিলের ওপর শুনানি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এ ছাড়া মামলার অন্য পাঁচ আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, খালেদা জিয়ার ভাগ্নে মমিনুর রহমান, বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়।   

এরপর কারাদণ্ড ও অর্থদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস ও জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদও আপিল করেন। পাশাপাশি খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষও আবেদন করে। পরে গত বছরের অক্টোবরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল খারিজ করে তার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। পাশাপাশি অন্য দুই আসামির ১০ বছরের সাজা বহাল রাখে আদালত। চলতি বছরের ২৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত