নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করার কথা জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার জুমার নামাজে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মতো নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনাটিই মর্মান্তিক। অনেক মানুষ হামলার শিকার হয়েছেন।
নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়, এখন পর্যন্ত পুলিশ আটককৃতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে।
এছাড়া হামলাকারীদের ব্যবহৃত গাড়িতে যুক্ত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি নিষ্ক্রিয় করেছে নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।
জানা গেছে, দুইজন বন্দুকধারী ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায়। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার ঘটনাও ঘটেছে।
হাসপাতালের বাইরে আরও একজন বন্দুকধারীকে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।
