টিম বাসে থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে বন্দুকধারীদের হামলাটা খুব কাছ থেকে দেখেছেন নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তার ভাষায়, এমন ভয়াবহ মুহূর্ত সিনেমার পর্দাতেই কেবল দেখা যায়।
শুক্রবার হ্যাগলি ওভালের কাছে আল নুর মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে বন্দুকধারীদের ভয়াবহ হামলার মুখে পড়ে বাংলাদেশ দল। এতে কমপক্ষে ৪১ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। তবে নিরাপদে আছে মাহমুদউল্লাহরা। মসজিদের ভেতরে আততায়ীদের এলোপাতালির গুলির সময় নিচেদের বাঁচাতে বাসে মাথা নিচু করে বসে থাকেন তারা। পরিস্থিতির ভয়াবহতা দেখে ঘটনাস্থল ত্যাগ করেন পায়ে হেঁটে।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা ভাগ্যের জোরে বেঁচে গেছে বলে মনে করেন মাসুদ, “এই হামলা থেকে আমরা বেঁচে গেছি ভাগ্যের জোরে। বাসে আমরা অনেকজন ছিলাম। ১৬/১৭ জন ছিলাম। আমরা নামাজ পড়ার জন্য বাসে করে মসজিদে যাই। মসজিদ থেকে খুব বেশি হলে আমরা ৫০ গজ দূরত্বে ছিলাম। বাস থেকে আমরা মসজিদ দেখতে পাচ্ছিলাম। আমরা ভাগ্যের জোরেই মূলত বেঁচে গেছি।”
“আর যদি তিন-চার মিনিট আগে আমরা চলে আসতাম তাহলে হয়তো মসজিদের ভেতরেই থাকতাম। হামলার মধ্যেই পড়তাম। তখন হয়তো ভয়াবহ কিছু ঘটে যেতো।”
বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের ভাষায়, পরিস্থিতিটা ছিল হরর মুভির দৃশ্যের মতো।
“আমরা বাইরে থেকে পুরো ঘটনার ভয়াবহতা দেখেছি। দেখে মনে হয়েছে যেন কোন সিনেমার ভয়াবহ দৃশ্য দেখছি। বাসের ভেতর থেকে উঁকি মেরে বাইরে আমরা দেখছি সেখানে মানুষজন রক্তাক্ত মুখমণ্ডল, বিধ্বস্ত চেহারা ও আতঙ্ক নিয়ে বেরিয়ে আসছে।”
এমন পরিস্থিতিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখন দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন মাসুদ।
