ইউরোপের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ ছিল ট্যারেন্টের

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০১:২৯ পিএম

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেনটন ট্যারেন্টের সঙ্গে ইউরোপ এবং এশিয়ার উগ্রপন্থীদের যোগাযোগ ছিল। তদন্তকারীদের বরাত দিয়ে এমন খবর দিয়েছে এনবিসি নিউজ।

২৮ বছর বয়সী ট্যারেন্টের বাড়ি অস্ট্রেলিয়ায়। মসজিদে ঢুকে গুলি করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার সরাসরি সম্প্রচার করে এই শ্বেতাঙ্গ যুবক। ভিডিও গেমস খেলার মতো মুসল্লিদের গুলি করে সে। এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

হামলার সঙ্গে প্রাথমিকভাবে তিনজনের জড়িত থাকার কথা জানায় নিউ জিল্যান্ড। এর মধ্যে একজন নারীও রয়েছে।

তদন্তের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তারা বলছেন, ট্যারেন্ট বিভিন্ন সময়ে ইউরোপ এবং এশিয়ায় বেড়াতে গেছেন। সেখানেই বর্ণবাদীদের সঙ্গে তার পরিচয় হয়।

শুক্রবার জুমার নামাজের আগে ট্যারেন্ট অনলাইনে একটি ঘোষণাপত্র ছাড়ে। সেখানে নিজেকে বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে। শুধু তাই নয়; নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য বলেও ঘোষণা দেয় সে!

ঘোষণাপত্রে ট্যারেন্ট বলে, ২৭ বছর পর ম্যান্ডেলার মতো আমি জেল থেকে ছাড়া পাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত